বিনোদন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে নতুন সিনেমায় ঘোষণা দিলেন শাকিব খান। নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটি তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে নির্মাণ করবেন বলে জানান। ১৫ নভেম্বর সোমবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত ১৬তম ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’র মঞ্চে দাঁড়িয়ে শাকিব খান নতুন এই সিনেমার ঘোষণা দেন। তখন শাকিবের সঙ্গে মঞ্চে ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফজাল হোসেন।
শাকিবের ঘোষণার পর মঞ্চে দাঁড়িয়ে আফজাল হোসেন বলেন, ‘বিমানে শাকিব ও আমি একসঙ্গে এখানে (নিউ ইয়র্ক) এসেছি। একটা মানুষ কীভাবে নিজেকে তিল তিল করে গড়ে তুলতে পারে, সেটা আমি শাকিবকে দেখে, তার সঙ্গে আলাপ করে বিস্ময়ের সঙ্গে দেখেছি।’
নতুন সিনেমার ঘোষণা নিয়ে পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘নতুন এই সিনেমার গল্প ও চিত্রনাট্য আমার। আগামী বছর একটি ভালো সময়ে সিনেমাটির ৭০ ভাগ শুটিং হবে লাস ভেগাস, লস অ্যাঞ্জেলেসে, নিউ ইয়র্ক ও হলিউডে। বাকি শুটিং হবে বাংলাদেশে।’ ২০১৭ সালে শাকিবকে নিয়ে এসকে ফিল্মসের ব্যানারে ‘প্রিয়তমা’ নামের একটি সিনেমা করতে চেয়েছিলেন পরিচালক হিমেল। সেই সিনেমার শুটিং হয়নি।
পরিচালকের ব্যাখ্যা, ‘তখন শাকিব ভাইয়ের ব্যস্ত শিডিউলের কারণে শুটিং হয়নি। ২০১৮ সাল থেকে আমি নিউ ইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছি। ২০২০-২১ এই দুই বছর কোভিডের কারণে শুটিং প্ল্যান করেও পেছাতে হয়। এবার ২০২২ সালে সত্যি সত্যি শুটিং হবে।’
এই দুই সিনেমার বাইরে শাকিবকে নিয়ে ‘মায়া’ নামে আরও একটি সিনেমা করবেন বলে জানালেন হিমেল আশরাফ। তিনি বলেন, ‘দেশের সবচেয়ে বড় তারকা শাকিব খান। আমার মতো নতুন, কম অভিজ্ঞতাসম্পন্ন একজন পরিচালকের ওপর আস্থা রেখে নিজের প্রযোজনায় তিনটি সিনেমা করতে যাচ্ছেন শাকিব খান। এজন্য তার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই।’












