ঝালকাঠি প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ঐতিহ্যবাহী “শীতল পাটি” তৈরির কারিগরদের সাথে মতবিনিময় করে তাদের দুঃখ-দুর্দশা ও স্বপ্নের কথা শোনেন।
শনিবার দুপুরে জেলা নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর গ্রাম পরিদর্শন করে ঐতিহ্যবাহী “শীতল পাটি” তৈরির কারিগরদের সাথে কথা বলেন।
মতবিনিময় কালে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, “এই অঞ্চলের শীতল পাটি তৈরির কারিগরদের হাতে অপরিসীম দক্ষতা রয়েছে, কিন্তু শুধুমাত্র সঠিক সহায়তা ও বাজার না থাকায় তাদের পণ্য আজ হারিয়ে গেছে। পতিত স্বৈরাচারী সরকার কখনোই এই শিল্পের উন্নয়নে অর্থনৈতিক প্রণোদনা বা প্রযুক্তিগত সহায়তা দেয়নি।”
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এই অবস্থা পাল্টানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি ক্ষমতায় এসে সমগ্র বাংলাদেশে শীতল পাটির মতো ঐতিহ্যবাহী হস্তশিল্পগুলোকে বাঁচাতে এবং স্থানীয় ও বৈশ্বিক বাজারের সাথে এসব কারিগরদের সংযুক্ত করার জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করবে। বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ১৮ মাসে এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। “ আমাদের লক্ষ্য হচ্ছে কারিগরেরা যাতে শুধুমাত্র সরকারী সহায়তা অভাব ও অব্যবস্থাপনার কারণে বেকার না থাকে। আমরা তাদের সৃষ্টিশীলতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করবো ।
বিএনপি’র পরিকল্পনায় থাকছে কারিগর পরিবারের জন্য সহজ শর্তে ঋণ ও মাইক্রো-ফিন্যান্স সুবিধা; পণ্যের গুণগতমান উন্নয়ন ও ডিজাইনে নতুনত্ব আনতে কারিগরদের প্রশিক্ষণ প্রদান; ন্যায্য মূল্য নিশ্চিত করতে সমবায় ভিত্তিক বিপণন ব্যবস্থা গড়ে তোলা; ও দেশীয় ও আন্তর্জাতিক বাজারের সাথে সংযোগ স্থাপন করতে ডিজিটাল প্ল্যাটফর্ম এবং বাণিজ্য মেলায় অংশগ্রহণের সুযোগ তৈরি।
এই উদ্যোগের মাধ্যমে হাজার হাজার পরিবার আত্মকর্মসংস্থানের সুযোগ পাবে, গ্রামীণ অর্থনীতি হবে গতিশীল এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী শীতল পাটি বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করবে। ড. হায়দার আরও বলেন, “শীতল পাটি আবারও ঝালকাঠির ঘর ও জাতীয় পরিচয়ের অংশ হবে, এবং বিশ্ববাজারে আমাদের ঐতিহ্য ও দক্ষতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হবে।”
বিএনপি বিশ্বাস করে যে, গ্রামীণ হস্তশিল্পকে পুনরুজ্জীবিত করা বা “মানুষ আগে” উন্নয়ন দর্শনের গুরুত্বপূর্ণ অংশ, যা সাধারণ মানুষের মেধা, পরিশ্রম ও উদ্যোগের উপর ভিত্তি করে সমৃদ্ধি নিশ্চিত করবে।
এসময়, অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রবিউল হোসেন তুহিন, শীতলপাটিকর সমিতির সভাপতি বাবুল পাটিকর উপস্থিত ছিলেন।










