ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির এনজিও সংস্থা টিএমএসএস-এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলার অভিযোগ থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন করেছেন ঝালকাঠির ক্ষুদ্র ব্যবসায়ী মো: মোস্তফা কামাল।
সোমবার (১৯ মে) সকাল ১১টায় ঝালকাঠিতে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মোস্তফা কামাল জানান,তিনি পরিচিত এক ব্যক্তির জন্য জামিনদার হয়ে টিএমএসএস নামক এনজিওতে নিজের চেক ও কাগজপত্র জমা দেন।
ঋণ পরিশোধের পরও এনজিও প্রতিনিধি তার চেক ফেরত না দিয়ে তালবাহানা করতে থাকে। পরবর্তীতে তার অজান্তে সেই চেক ব্যবহার করে আরেকজনের নামে নতুন ঋণ নেওয়া হয়, যার সঙ্গে তার কোনো পরিচয় নেই।
এ নিয়ে বরিশাল মেট্রোপলিটন আদালতে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়। মোস্তফা কামালের অভিযোগ, টিএমএসএস-এর কিছু অসাধু কর্মকর্তা ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়েছেন। তিনি এহেন প্রতারনার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত, মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রতারক এনজিওটির বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।#










