ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে পদাধিকার বলে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন চেয়ারম্যান এবং বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিএনপি নেতা আনিসুর রহমান তাপু সেক্রেটারী নির্বাচিত হয়েছেন।
ভাইসচেয়ারম্যানসহ অন্য পদেও কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় তাদেরকেও নির্বাচিত ঘোষণা করা হয়। শুক্রবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নাসিমুল হাসান নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
কমিটির অন্য কর্মকর্তারা হলেন ভাইসচেয়ারম্যান আলী আসগর ফকির, নির্বাহী সদস্য মিজানুর রহমান, সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের, আনিসুজ্জামান চপল, অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন ও এনামুল হক সাজু।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নাসিমুল হাসান জানান, বাংলাদেশ রেডক্রিসেন্ট ঝালকাঠি ইউনিটের ২০২৬-২০২৮ সালের নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়। এতে ভাইসচেয়ারম্যান ও সেক্রেটারীসহ সাতটি পদে নয়জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এদের মধ্যে ভাইসচেয়ারম্যান পদে একজনের এবং নির্বাহী সদস্য পদে একজনের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় তা বাতিল হয়ে যায়। গত ৩ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য ছিল। কোন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় শুক্রবার প্রধান নির্বাচন কমিশনার সাতটি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন।