ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের সল্পসেনা এলাকায় জাকির হোসেন ঢালী নামে এক বিআরটিসি বাস চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জাকির হোসেন সল্পসেনা গ্রামের মৃত আলাউদ্দিন ঢালীর পুত্র। তিনি বরিশাল বিআরটিসি বাস ডিপো অফিসে কর্মরত ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ছোট ভাই মিজান ঢালীর বরিশালের বাসা থেকে বের হয়ে বোনের বাসায় যাওয়ার কথা বলেন জাকির হোসেন। তবে তিনি সেখানে যাননি। রাত পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া জায়নি। আজ সকালে নিজ গ্রামের বাড়ির পাশে একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
জাকির হোসেনের ভাই মিজান ঢালী জানান, বড় ভাইয়ের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে বনিবনা ছিল না। এ ঘটনায় তিনি সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। পোস্টমর্টেম রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানাযাবে।










