লক্ষ্মীপুর প্রতিনিধিঃ মাত্র ১৩ বছরের ইয়াছিন অটোরিকশার পরিবারের হাল ধরতে প্যাডেলে পা রেখেছে দেড়মাস আগে। ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী সেজে উঠেছেন দুই ব্যক্তি। বিভিন্নস্থানে ঘুরে সুযোগ বুঝে চালকের চোখ ফাঁকি দিয়ে রিকশাটি নিয়ে মুহূর্তেই উধাও হয়ে গেলেন যাত্রীবেশী দুই চোর। এ সময় ভাড়ায় চালিত অটোরিকশা হারিয়ে কান্নায় ভেঙে পড়েন চালক মো. ইয়াসিন (১৪)।
৬ ফেব্রুয়ারি রোববার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর গ্রামের পলোয়ান মসজিদ এলাকা থেকে তার অটোরিকশাটি চুরি হয়ে যায়। ভুক্তভোগী ইয়াছিনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরভুতা গ্রামে।
কান্নাজড়িত কণ্ঠে ইয়াসিন জানান, রোববার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের চৌরাস্তা বাজার থেকে তার অটোরিকশায় দুজন যাত্রী ওঠে জেলা শহরে আসার জন্য। বিভিন্নস্থানে ঘুরিয়ে দুপুর দেড়টার দিকে তাকে নিয়ে আসে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের পলোয়ান মসজিদের পাশে। সেখানে ওই যাত্রীরা নেমে চা পান করে। এ সময় যাত্রীরা (চালক) ইয়াসিনকে পাশের একটি ভবন দেখিয়ে সেখানে পাঠায় সাউন্ড বক্স আনার জন্য। সে তাদের কথামতো সেখানে যায়। এ সুযোগে যাত্রীবেশী চোরেরা তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই এমন ঘটনায় সে হতবাক হয়ে পড়ে। এরপর কান্নায় ভেঙে পড়ে।
তিনি জানান, তার বাবা মো. ইব্রাহিম অন্যত্র বিয়ে করে তাদের রেখে চলে গেছে। তারা তিন ভাই-বোন। ছোট এক ভাই ছিল, ছয় মাস আগে ব্রেন ক্যানসারে মারা গেছে। ভাইয়ের চিকিৎসা করাতে গিয়ে অনেক টাকা ঋণ করতে হয়েছে তাদের। একদিকে ঋণের বোঝা, অন্যদিকে পুরো পরিবারের ভার তার কাঁধের ওপর। তাই লেখাপড়া ছেড়ে অটোরিকশা চালানো শুরু করে।
কিশোর ইয়াসিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, গত দেড় মাস থেকে এলাকার জনি মেস্তুরী নামে একজনের কাছ থেকে অটোরিকসাটি ভাড়ায় নিয়েছি। দিনে ৫-৬শ টাকা পাই। তিনশ’ টাকা ভাড়া হিসেবে মালিককে দিয়ে দিই। বাকী টাকা দিয়ে সংসার চালাই। অটোরিকশাটি এখন চোরে নিয়ে গেছে, মালিককে কি বুঝ দেব। লক্ষ্মীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল আলম জানান, অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে।










