অনলাইন ডেস্কঃ আগামী ৭২ ঘন্টার মধ্যে অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির স্বাক্ষরিত অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের মনিটরিং এবং সুপারভিশন নিয়ে মঙ্গলবার বিকালে ভার্চুয়ালি এক সভায় এই সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তটি সব সিভিল সার্জনকে জানিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজন হলে অভিযান পরিচালনা করার কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের মনিটরিং কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত সভায় ৪টি সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তগুলো হচ্ছে
১. আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসমূহ বন্ধ করতে হবে।
২. অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে এ কার্যক্রম চলমান থাকবে।
৩. যেসব প্রতিষ্ঠান নিবন্ধন গ্রহণ করলেও নবায়ন করেনি, তাদের নিবন্ধন নবায়নের জন্য সময়সীমা প্রদান করতে হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে নবায়ন গ্রহণ না করলে, সেসব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করা হবে।
৪. বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকসমূহে অপারেশনের সময় এনেস্থেসিয়া প্রদান ও ওটি অ্যাসিস্ট করার ক্ষেত্রে নিবন্ধিত চিকিৎসক ছাড়া অন্যদের রাখা হলে সেসব প্রতিষ্ঠান ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ কঠোর ব্যবস্থা নিতে হবে।
তবে যেসব প্রতিষ্ঠান নতুন নিবন্ধনের জন্য আবেদন করেছেন, তাদের লাইসেন্স প্রদানের কার্যক্রম দ্রুত শেষ করার জন্যও বলা হয়েছে। কিন্তু লাইসেন্সপ্রাপ্তির আগে এসব প্রতিষ্ঠান কার্যক্রম চালাতে পারবে না বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সূত্রঃ বাংলা ভিশন।












