ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আদালত প্রাঙ্গণে নিরাপত্তা, আসন্ন শারদীয় দুর্গাপূজা, মাদক নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ, পরিবেশ, জাটকা সংরক্ষণ এবং স্বাস্থ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়।
আইনশৃঙ্খলা কমিটির সভাপতি জেলা প্রশাসক আশরাফুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আদনান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন, কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জহিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ হোসেন এবং জেলা জামায়াতে ইসলামী’র আমির এডভোকেট হাফিজুর রহমানসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা।
জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, আদালত চত্বরে ইজিবাইক নিয়ন্ত্রণ করা হবে এবং নিরাপত্তা আরও জোরদার করা হবে। আসন্ন পূজা উদযাপনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করবে। মাদক প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এছাড়া বাল্য বিবাহ প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ, আসন্ন নির্বাচনের প্রস্তুতি, জাটকা সংরক্ষণ এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমও জোরদার করা হবে। তিনি বাজার মনিটরিংকেও গুরুত্ব দেন এবং সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে আরও অনুসন্ধানী প্রতিবেদন করার জন্য অনুরোধ জানান। কারাগারে থাকা রাজনৈতিক বন্দিদের নিরাপত্তা এবং আদালতে হাজিরার সময় নিরাপত্তা বাড়ানোর জন্য বলেন সংশ্লিষ্ট দপ্তরকে।










