ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে উল্টো রথযাত্রা পালিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে ঝালকাঠি শহরের বিভিন্ন রাধা গোবিন্দের মন্দির থেকে জগন্নাথ, সুভদ্রা ও বলরামের বিগ্রহ ৮দিন পর উল্টো রথের মাধ্যমে নিজ মন্দিরে ফিরিয়ে আনা হয়েছে।
গত ২৭ জুন রথযাত্রা অনুষ্ঠিত হয়েছিল এবং রথ বের হয় শহর ঘুরে অন্য নির্দিষ্ট কয়েকটি মন্দির গুলিতে বিগ্রহ রাখা হয়েছিল। উল্টো রথযাত্রায় বিভিন্ন মন্দির কমিটিসহ হিন্দু সম্প্রদায়ের নেতাসহ শত শত অংশগ্রহণকালীদের মধ্যে সিংহভাগই নারী ভক্তরা ছিলেন।
ঝালকাঠির শহরে পশ্চিম চাঁদকাঠি এলাকার ইস্কন মন্দিরের বিগ্রহ মদনমোহন আখরাবাড়ি থেকে এবং মদনমোহন আখরাবাড়ির বিগ্রহ শ্রী শ্রী পাবলিক হরিসভা থেকে নিজ নিজ মন্দিরে আনা হয়েছে। উল্টো রথযাত্রার সাথে শান্তিশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ ছিল।










