নলছিটি( ঝালকাঠি)প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলার বিষখালী নদী ভাঙনের হাত থেকে দুইটি ইউনিয়নকে রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
১০ মে (শনিবার) বিকাল সাড়ে ৪টায় রাজাবাড়িয়া এলাকায় মোল্লারহাট ও রানাপাশা ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
তারা প্ল্যাকার্ড ও ব্যানারে “স্থায়ী বাঁধ চাই”, “নদীভাঙন রোধ করো”, “মোল্লারহাট ও রানাপাশা ইউনিয়ন বাঁচাও” ইত্যাদি দাবি তুলে ধরেন। এ সময় বক্তব্য রাখেন, ঢাকা মহানগর জামায়াতের ব্যবসায়িক শাখার সিনিয়র সহ-
সভাপতি শেখ নেয়ামুল করিম, জেড.এ. ভুট্টো ডিগ্রি কলেজের প্রভাষক ও নলছিটি উপজেলা জামাতের সহজ সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ অর্ধশতকের বেশি সময় ধরে বিষখালী নদীর করাল গ্রাসে বিলীন হচ্ছে ওই নদী তীরবর্তী এলাকার ঘরবাড়ি, ফসলি জমি ও কবরস্থান। সম্প্রতি নদীর পাড়ে নির্মিত বেড়িবাঁধের প্রায় ৫০০ মিটার অংশ ভেঙে যাওয়ায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
বক্তারা আরও বলেন, “দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি শুনে আসছি, কিন্তু কোনো টেকসই পদক্ষেপ নেই। ভাঙনরোধে সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে মানচিত্র থেকে হারিয়ে যাবে আমাদের দুইটি ইউনিয়নের কয়েকটি গ্রাম।”
বক্তারা বিষখালীর ভয়াবহ ভাঙন থেকে মোল্লারহাট ও রানাপাশা ইউনিয়নকে রক্ষার জন্য দ্রুত টেকসই বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান।










