খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে কারো পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান।
১২ জুন সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ দুই সিটির ভোট সিসি ক্যামেরায় পর্যবেক্ষণের একপর্যায়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, এখন পর্যন্ত সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে। ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসেছেন। প্রার্থীরা সহযোগিতা করছেন। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। সবাই মিলে এই পর্যন্ত নির্বাচন পরিচালনা করছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে আনন্দের সঙ্গে ভোট দিচ্ছেন।
তিনি বলেন, আমরা আশা করি; অতীতের চেয়ে ভোটার উপস্থিতি বেশি হবে। যেহেতু ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হচ্ছে, তেমন কোনো অসুবিধা হচ্ছে না। কারো পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। আশা করি, শেষ পর্যন্ত এভাবেই একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।
ইভিএমে ভোট দেয়ার বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, একে কেন্দ্রে দেখা গেছে দেড় ঘণ্টায় ৮০টা, আরেকটা কেন্দ্রে এক ঘণ্টায় ৪৭টা ভোট কাস্ট হয়েছে। কাস্টিং ভোট নট স্লো, ইটস ফাইন।












