খেলা ডেস্কঃ তৃতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে অংশ নিতে বাংলাদেশে আসছে আর্জেন্টিনার কাবাডি দল। আগামী মার্চে অনুষ্ঠিতব্য এ খেলায় তাদের অংশ নেওয়ার কথা রয়েছে।
এর আগে গত বছরের মার্চে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট অংশ নিতে ঢাকায় পা রাখার কথা ছিল আর্জেন্টিনার কাবাডি দলের। তবে শেষ পর্যন্ত তারা আসেনি। ফুটবল বিশ্বকাপকে ঘিরে এরইমধ্যে লাতিন আমেরিকার দেশটির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে বাংলাদেশের। ফলে এবার তাদের আসা নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ কাবাডি ফেডারেশন।
আগামী ১১-২২ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে তৃতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি। আসরে অংশগ্রহণের সম্মতি জানিয়ে গত ২৯ ডিসেম্বর আর্জেন্টিনার পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।
আর্জেন্টিনা ছাড়াও এবারের আসরে অংশগ্রহণ নিশ্চিত করেছে চাইনিজ তাইপে, ইংল্যান্ড, ইরাক, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালয়েশিয়া, নেপাল, পোল্যান্ড, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। স্বাগতিক বাংলাদেশসহ ১২ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা ফেডারেশনের।
আসরে অংশ নিয়েছিল মোট আটটি দেশ। স্বাগতিক বাংলাদেশ ছাড়া বাকি সাত দলের তালিকায় ছিল ইংল্যান্ড, ইন্দোনেশিয়া, ইরাক, কেনিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও নেপাল। আসরের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কেনিয়াকে ৩৪-৩১ পয়েন্ট ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা।












