বরিশাল প্রতিনিধিঃ আদালত থেকে কারাগারে নেয়ার পথে আসামি বহনকারী পিকআপ ভ্যানের সামনে শুয়ে পরে পথরোধ করেন ছাত্রলীগ নেতা সজিব সরদারের স্বজনরা।
এসময় আদালত প্রাঙ্গনে কোরআন শরীফ হাতে নিয়ে কসম করে সজিবের স্ত্রী নওরীন জাহান মৌ বলেন, আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ, পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছে। র্যাব-৮ এর সদস্যরা আমার স্বামীকে তাদের হেফাজতে নিয়ে অমানুষিক নির্যাতন করেছে। আমি পুরো ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করছি।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন জানান, আদালত প্রাঙ্গণের পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আসামিকে পরে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় বরিশাল আদালত প্রাঙ্গণে। এর আগে র্যাব-৮ এর সদস্যরা জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা বাজার সংলগ্ন প্রভাতী ভবনের নিজ বাসা থেকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ গ্রেফতার করে সজিব সরদারকে। এ ঘটনায় অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা দিয়ে সজিবকে হস্তান্তর করা হয় থানায়।
বুধবার তাকে (সজিব) আদালতে তোলা হলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোঃ মনিরুজ্জামান আসামি সজিবকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সন্ধ্যায় তাকে কারাগারে নেয়ার পথে সজিবের মা ও স্ত্রীসহ স্বজনরা পুলিশের গাড়ি ঘিরে ধরেন। এসময় নারী কনস্টেবলরা তাদের সেখান থেকে সরিয়ে দিতে চেষ্টা করলে হট্টগোল বাঁধে। পরে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
সজিবের স্ত্রী নওরীন জাহান মৌ বলেন, সজিব ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র ছেলে সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহর অনুসারী। কোরআন শরীফ হাতে নিয়ে মৌ কসম করে বলেন, সোমবার রাতে হঠাৎ করে আমাদের বাসায় র্যাব সদস্যরা আসেন। তারা আমাদের জানায় ঘর সার্চ করবেন বলে জানায়। পরে আমাকে ও আমার স্বামী সজিবকে একপাশে সরিয়ে দিয়ে র্যাব সদস্যরা ঘর সার্চ শুরু করেন। এরমধ্যে দেখি র্যাব সদস্যরা একজন আরেকজনের কাছে একটি অস্ত্র (শুটার গান) দিয়ে বলছে, আমার বিছানার নিচ থেকে পাওয়া গেছে। তারপর নিজেদের পকেট থেকে ইয়াবা বের করে বলছে, আমার স্বামীর প্যান্টের পকেটে পাওয়া গেছে। এভাবে আমার স্বামীকে ফাঁসানো হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, আমি এসময় প্রতিবাদ করলে র্যাব সদস্যরা আমাকে বলেন, বেশি কথা বললে আমার স্বামীকে ক্রসফায়ার দেয়া হবে এবং আমার সন্তানের ক্ষতি হবে। পরবর্তীতে আমার স্বামীকে নিয়ে যায় এবং থানায় যোগাযোগ করতে বলে। এরপর থানায় গেলে বলা হয়, র্যাবের কাছে আছে আর র্যাবের কাছে জিজ্ঞাসা করা হলে বলা হয় থানায় আছে। এভাবে নানা তালবাহানার পর মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে জানতে পারি সজিবকে থানায় নেয়া হয়েছে শোয়ানো অবস্থায়। সজিব হাঁটতে পারছে না। তাকে অমানুষিক নির্যাতন করা হয়েছে।
সজিবের মা নাসরিন জাহান অভিযোগ করে বলেন, থানায় সজিবকে নেয়া হয়েছে অচেতন অবস্থায়। সজিবের দুই হাঁটু থেকে রক্ত ঝড়ছিলো। হাতের দুই কনুই ফুলে গেছে। তিনি আরও বলেন, আমার ছেলের কোনো সময় শ্বাসকষ্ট ছিলোনা। তারপরেও তাকে থানায় বসে ইনহেলার নিতে দেখেছি। চারবার বমি করেছে। সজিবের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখেছি। তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তির মাদক ব্যবসায় বাঁধা প্রদান করায় পরিকল্পিতভাবে সজিবকে র্যাব দিয়ে ফাঁসানো হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে র্যাব-৮ এর সিপিসি-১ এর কমান্ডার মেজর মোঃ জাহাঙ্গীর সাংবাদিকদের বলেন, আমরা যে অবস্থায় আসামি আটক করেছি, সেই অবস্থাতেই আগৈলঝাড়া থানায় সোপর্দ করেছি।
আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার বলেন, মাদক, হত্যাসহ পাঁচটি মামলার পলাতক আসামি সজিব। তার বাসায় অভিযান চালানোর সময় ধস্তাধস্তি হয়ে থাকতে পারে। সে থেকে সজিব কিছুটা আহত হতে পারে। সে কারণে র্যাব সদস্যরা সজিবকে চিকিৎসাপত্রও দিয়েছে। থানায় কোনো ধরনের মারধর করা হয়নি।










