ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে বিতরণের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’র পক্ষ থেকে ৪৩০টি কম্বল হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে এসব কম্বল হস্তান্তর করা হয়। ‘আশা’ ঝালকাঠি জেলার উদ্যোগে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের কাছে কম্বলগুলো হস্তান্তর করেন সংস্থাটির জেলা পর্যায়ের কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওসার হোসেন, ‘আশা’র বরিশাল বিভাগের সিনিয়র অ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. জালাল উদ্দিন, ঝালকাঠি জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. জাকির হোসেন, সিনিয়র রিজিওনাল ম্যানেজার আশিষ কুমার মণ্ডল, সাপোর্ট ইঞ্জিনিয়ার এ.টি.এম. আব্দুল্লাহ, ব্রাঞ্চ ম্যানেজার মো. লুৎফর রহমান ও কলি আক্তারসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু সরকারের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে বেসরকারি উন্নয়ন সংস্থাসহ সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। সরকারের সহযোগী হিসেবে শীতের শুরুতেই অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ‘আশা’র এ উদ্যোগ এলাকার দুঃস্থ ও শীতপীড়িত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।