বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কায় এ পর্যন্ত শিশুসহ ১০ যাত্রী নিহত হয়েছেন। রোববার (২৯ মে) সকাল সাড়ে ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে উজিরপুর উপজেলার বামরাইলে এ দুর্ঘটনা ঘটে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘যমুনা পরিবহনের বাসটি ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল। বামরাইলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শিশুসহ নয়জনের মৃত্যু হয়। আহত হন ২০ জন।
আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। বরিশাল মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এখনও হতাহতদের পরিচয় জানা যায়নি। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের চিকিৎসা চলছে।
বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর বলেন, ‘আমাদের দুটি ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে। বাসটি গাছের মধ্যে ঢুকে গেছে। গাড়ি কেটে হতাহতদের বের করা হয়েছে।’










