আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে যেতে এখন থেকে কোভিড-১৯ এর পিসিআর পরীক্ষার প্রয়োজন হবে না। সৌদি আরবে পৌঁছানোর পর যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনেরও প্রয়োজন হবে না। সৌদি গেজেটের খবরে ৬মার্চ রোববার এসব তথ্য জানানো হয়েছে।
তবে, ভ্রমণ ভিসার যাত্রীদের স্বাস্থ্য বিমা বাধ্যতামূলক থাকছে, যেন সৌদি আরবে পৌঁছানোর পর করোনাভাইরাসে আক্রান্ত হলে চিকিৎসা খরচ বহন করা যায়। সৌদি কর্তৃপক্ষ গতকাল শনিবার থেকে কোভিড-১৯ সংক্রান্ত প্রায় সব ধরনের বিধিনিষেধ তুলে নিয়েছে। এখন থেকে দেশটিতে কোথাও সামাজিক দূরত্ব বা বাইরে ফেস মাস্ক পরার প্রয়োজন হবে না মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদসহ সব মসজিদে সামাজিক দূরত্বের নিয়মও তুলে নেওয়া হয়েছে। তবে এসব জায়গায় ফেস মাস্ক পরতে হবে।












