আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর-পূর্বাঞ্চলের একটি শহরে রাশিয়ার মিসাইল হামলায় ইউক্রেনের ৭০ সৈন্য নিহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। সকাল হওয়ার সাথে সাথে দেশজুড়ে শোনা যাচ্ছে বিমান হামলার সতর্কীকরণ সাইরেন।
ইউক্রেনের সামি অঞ্চলের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা দিমিত্রো জাভায়েৎস্কি জানিয়েছেন, আর্টিলারি হামলায় ইউক্রেনের একটি সামরিক ইউনিট ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তুপ থেকে মৃতদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন স্বেচ্ছাসেবকরা।
দিমিত্রো জাভায়েৎস্কি আরো জানান, “অনেক মানুষ মারা গেছে। এখন ৭০জন ইউক্রেনিয় সৈন্যের জন্য কবরস্থান তৈরি করা হচ্ছে, কিন্তু শত্রুরা যা পাবার তা পেয়ে গেছে। অনেক রুশের মৃতদেহও ছিল। তাদের মৃতদেহ রেডক্রসের কাছে হস্তান্তর করা হচ্ছে।”
তবে দিমিত্রো জাভায়েৎস্কির দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে ইউক্রেনে সকাল হওয়ার সাথে সাথে দেশজুড়ে শোনা যাচ্ছে বিমান হামলার সতর্কীকরণ সাইরেন। কিয়েভের পাশাপাশি সাইরেন বাজছে পশ্চিমাঞ্চলীয় শহর তেরনোপিল, ভিনিৎসিয়া, রিভনে এবং মধ্যাঞ্চলীয় শহর চেরকাসি ও ক্রোপিভনিৎস্কিতে।












