জনতার খবর ডেক্সঃ
মহানবী হজরত মুহাম্মাদ (স.) ও হজরত আয়েশা (রা.) সম্পর্কে কটুক্তির প্রতিবাদে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেছেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতারা ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। ভারতের সরকারি দলের মুখপাত্র যে হীন বক্তব্য দিয়েছে এটা ইসলাম ধর্মের উপর রাষ্ট্রীয় আঘাত। সারা বিশ্বের মুসলমানদের নিকট তাদের প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং দোষীদের গ্রেপ্তার করে যথাযথ শাস্তি প্রদান করতে হবে।
আজ ০৯ জুন বৃহস্পতিবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেইটে এ মানববন্ধনের আয়োজন করে হেফাজতে ইসলাম।
মহাসচিব বলেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র দেশটিতে মুসলমানদের ওপর চলছে নানারকম নির্যাতন। দিন দিন তাদের এই প্রবণতা আরো বেড়ে চলছে। আর এটি সম্ভব হচ্ছে মুসলিম বিশ্ব চুপ থাকার কারণে। তিনি বলেন, দলের মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার মিডিয়া সেল প্রধান নবীন জিন্দালকে বহিষ্কার করা হয়েছে আরব মুসলিম দেশগুলোর চাপে পড়ে। এর মানে স্পষ্ট যে, মুসলিম বিশ্ব যদি সরব হয়, ভারতের ইসলাম বিদ্বেষ অনেকটাই কমে আসতে বাধ্য। আমরা ওআইসিসহ মুসলিম বিশ্বকে আহবান জানাবো, ভারতসহ বিশ্বের যেখানেই ইসলাম বিদ্বেষ ও হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ঘৃণা ছড়ানো হয়, সেখানেই সম্মিলিত প্রতিবাদ করতে হবে।
মানববন্ধন থেকে ৫ দফা দাবি জানান হেফাজতের নেতারা। দাবিগুলো হলো- ১. ভারত সরকারকে অবশ্যই কটূক্তিকারী দুই বিজেপি নেতাকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ২. বিশ্ব মুসলমানদের কাছে ভারতকে ক্ষমা চাইতে হবে। ৩. অন্যথায় সারা বিশ্বের মুসলমানরা ভারতীয় পণ্য বয়কট করবে। ৪. মুসলমানদের বিশ্বাস ও ধর্মের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ ও নিন্দা জানানোর আহ্বান। ৫. কারাগারে আটক আলেম-উলামাদের অবিলম্বে মুক্তির জন্য সরকারের কাছে আহ্বান।
এ সময় উপস্থিত ছিলেন, হেফাজতের নায়েবে আমীর আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দীন রাব্বানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস নদভী প্রমুখ।












