নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥
ঢাকা সদরঘাট থেকে পাঁচ শতাধিক যাত্রী নিয়ে বরিশালে আসার পথে মধ্যরাতে একটি ইঞ্জিন বিকল হয়ে অগ্নিকান্ডের ঘটনায় মেঘনা নদীর চাঁদপুরের মোহনপুরে আটকে পড়া এমভি সুরভী-৯ লঞ্চের যাত্রীদের ওপর হামলা চালিয়েছে লঞ্চটির স্টাফরা।
রোববার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে লঞ্চটি বরিশাল নদী বন্দরে নোঙর করা হলে বেশ কয়েকজন যাত্রীর উপর লঞ্চ স্টাফরা হামলা চালিয়ে আহত করে। হামলার ভিডিও চিত্র ধারণ করতে গেলে বেপরোয়া লঞ্চ স্টাফদের হামলায় দুই সংবাদকর্মীও আহত হয়েছেন। এ ঘটনায় লঞ্চের ম্যানেজার মোঃ মিজানকে বহিষ্কার করা হয়েছে বলে জানান লঞ্চের পরিচালক রেজিন-উল-কবির।
আহত চ্যানেল টোয়েন্টফোরের বরিশাল অফিসের ভিডিও গ্রাফার রুহুল আমিন বলেন, ‘লঞ্চ থেকে ধোঁয়া বের হওয়ার ঘটনাটি যেসব যাত্রীরা মোবাইলে ধারণ করে ফেসবুকে দিয়েছিল, সেই সব যাত্রীদের খুঁজে ব্যাপক মারধর শুরু করে স্টাফরা। মারধরের ভিডিও করতে গেলে লঞ্চের ম্যানেজার মিজানের নেতৃত্বে স্টাফরা আমাকে এবং আমার সহকর্মী ইনডিপেনডেন্ট টেলিভিশনের ভিডিওগ্রাফার দেওয়ান মোহনের ওপর হামলা করে।’
সুরভী ৯ লঞ্চের যাত্রী সুরঞ্জিৎ দত্ত লিটু বলেন, আমরা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সম্মেলন শেষে ঢাকা থেকে ফিরছিলাম। পথের মাঝে যা হওয়ার হয়েছে। বরিশাল ঘাটে পৌছানোর পর আমাদের ছাত্র-যুব-ঐক্য পরিষদের নেতা আবির কুন্ডু ও সুজয়ের উপর অতর্কিত হামলা চালায় লঞ্চের স্টাফরা।
বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, তার সামনেই হামলার ঘটনা ঘটেছে। হামলার বিষয়ে তিনি লিখিতভাবে উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন।
সংবাদকর্মীদের হামলার ঘটনায় চ্যানেল টোয়েন্টিফোরের বরিশাল ব্যুরো প্রধান কাওছার হোসেন রানা জানান, হামলার ঘটনায় আইনি ব্যাবস্থা নেওয়া হবে।










