ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীর তীর থেকে অজ্ঞাত এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২০ জানুয়ারি সোমবার সকালে উপজেলার কুলকাঠি ইউনিয়নের চর বারইকরন এলাকা থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে সুগন্ধা নদীর তীরে একটি শিশুকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি মো. আব্দুস ছালাম জানান, উদ্ধার হওয়া কন্যা শিশুর বয়স আনুমানিক ৫ দিন হতে পারে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।










