অনলাইন ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, শ্রীলঙ্কার অবস্থা দেখে অনেকে প্রচার করছে সে অবস্থা হতে পারে। সে রকম কোনো আশঙ্কা নেই। আমরা নিজেরাই শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছি। সোমবার (১৬ মে) বেলা ১১টায় সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ এ তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে সংলাপের উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।
মন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ অনেকটা প্রভাব ফেলেছে আমাদের খাদ্যপণ্যের ওপর। সে জন্য সবাইকে সাশ্রয়ী হতে হবে। সামনের দিকে কিছুটা সংকট রয়েছে। ভয় পাওয়ার কিছু নেই। তিনি জানান, ঈদের পর দাম বাড়বে এটা জেনেই ব্যবসায়ীরা বাজার থেকে তেল সরিয়ে নিয়েছিলো। তেলের বাজার ৯০ ভাগই আমদানি নির্ভর। বৈশ্বিক বাজারের প্রভাব পড়েছে তেলের দামে। এজন্য দাম বেড়েছে। দাম সমন্বয়ের আগের একমাসের আমদানি মূল্য ও সার্বিক খরচ বিবেচনায় দাম ঠিক করা হয় বলে জানান তিনি।
সূত্রঃ বাংলা ভিশন।












