শীত আসছে। বাড়ছে কুয়াশা। আর বাড়ছে ধুলা। ধুলা আর গাড়ির ধোঁয়া মিলে পরিবেশ হয়ে উঠছে ভারাক্রান্ত। এ সময় সবচেয়ে বেশি ভোগেন, যাদের অ্যালার্জি বা হাঁপানি আছে। বাতাসের আদ্রতা বেশি থাকায় ধুলার পরিমাণ বাড়তে থাকে এবং সর্দি-কাশির মত অসুখ বাড়তে থাকে। দৌড়াতে থাকেন ডাক্তারের কাছে। তবে ডাক্তারের কাছে দৌঁড়ানো যেন না লাগে; এজন্য আগেভাগে সতর্ক হওয়া প্রয়োজন।
ধুলা হলো ক্ষুদ্রাতিক্ষুদ্র, যা নাকের ছিদ্র দিয়ে ঢুকে শ্বাসনালি হয়ে ঢুকে পড়তে চায় আরও ভেতরে অর্থাৎ ব্রনকিওল বা ফুসফুসের ভেতরকার শাখা-প্রশাখায়। আমাদের শ্বাসতন্ত্র তখন এর হাত থেকে বাঁচতে সক্রিয় হয়ে ওঠে। এর চুলের মতো সিলিয়াগুলো আপ্রাণ চেষ্টা করে ধূলিকণাকে বের করে দিতে, আর দেহের নানা প্রতিরোধী কোষ ছুটে আসে বিভিন্ন রাসায়নিক প্রয়োগ করতে। ফলে সজোরে হাঁচি হয়, নাক দিয়ে পানি পড়ে, খুক খুক করে কাশি হয়। হাঁপানি রোগীদের এসব রাসায়নিক নিঃসরণের সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় শ্বাসকষ্ট। তার মানে যত নষ্টের গোড়া হলো ওই ট্রিগারগুলো, মানে ধুলা-বালি। তাই একে এড়িয়ে চলতে হবে। কিন্তু তা কি সম্ভব? কিছুটা তো সম্ভবই।
বাড়ির সামনের জায়গায়, উঠানে, ছাদে পানি ঢেলে ধুলা কমানো যায়। ঝুঁকিপূর্ণ ব্যক্তিরা এ সময় ঘর ঝাড়ু দেওয়া, বিছানা ঝাড়ার সময় দূরে থাকুন। কার্পেট পরিহার করাই ভালো। পোষা প্রাণিকে এড়িয়ে চলুন। জামাকাপড় সব সময় ড্রয়ারের ভেতর বা ক্লোজেটে আটকে রাখুন। সপ্তাহে এক দিন তোয়ালে, বিছানার চাদর, বালিশের কভার গরম পানি দিয়ে ধুয়ে দিন। এছাড়া, বাইরে বের হওয়ার সময় মাস্ক পরে বের হতে পারেন, যাতে নাক দিয়ে সহজে ধুলা না ঢুকতে পারে।
যাদের হাঁপানি আছে, তারা চিকিৎসকের পরামর্শে পুরো শীতের মৌসুমে প্রতিদিন একটি কী দু’টি ইনহেলার ব্যবহার করে যেতে পারেন। বাইরে হাঁটতে যাওয়ার সময় দরকার হলে দুই চাপ ইনহেলার নিয়ে নিন। প্রয়োজনীয় ওষুধপত্র কাছেই রাখুন, রসদ নিয়ে তৈরি থাকুন—শ্বাসকষ্ট বাড়লেই যেন ব্যবহার করা যায়। সর্দি-কাশি হলে দ্রুত ব্যবস্থা নিন, যাতে বেড়ে না যায়।
কুয়াশার হাত থেকে বাঁচতে মাথা ঢেকে নিন টুপি বা স্কার্ফে। ঠান্ডা পানি দিয়ে গোসল বা বেশি ধোয়াধোয়ি এখন একটু এড়িয়ে যান। ঝাড়মোছ বা উঠানে কাজ করার সময় নাকে পাতলা কাপড় বা মাস্ক পরে নিতে পারেন। ধুলার ভয়ে দরজা-জানালা বন্ধ না করে বরং প্রচুর আলো-বাতাস আসতে দিন। ধূমপান তো করবেনই না, ধূমপায়ীর কাছে বসবেনও না।
শীতের শুরুতেই জ্বর, সর্দি ও কাশি যেন আঁকড়ে ধরে। অনেক সময় একবার কাশি শুরু হলে পিছু ছাড়তে চায় না। একটানা খুকখুক কাশি বিরক্তিকর লাগে। কোনো কোনো ক্ষেত্রে কাশি কয়েক সপ্তাহ থাকতে পারে। শীতে অসুস্থতা এড়াতে চিকিৎসকদের পরামর্শ নি, কাকভোরে হাঁটতে বের হবেন না। ভাসমান ধূলিকণা নিচে থাকে, সূর্য উঠার পর তাপমাত্রা বাড়লে বের হবেন। সান্ধ্যভ্রমণ এড়িয়ে চলুন। ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়ার টিকা দেবেন। সহজপাচ্য খাবার খাবেন। বেশি গরম উলের পোশাক এড়িয়ে চলবেন। টানা ৭দিনের বেশি সর্দিজ্বর থাকলে বা টানা ৩দিনের বেশি সর্দির সাথে উচ্চমাত্রায় জ্বর থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।












