কাঠালিয়া প্রতিনিধিঃ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেশ গড়ার শপথ নিয়েছেন ঝালকাঠির কাঠালিয়া উপজেলাবাসী।
আজ ১৬ ডিসেম্বর বুধবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী শপথ অনুষ্ঠান পরিচালনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর শপথের সাথে কন্ঠ মিলিয়ে কাঠালিয়ার বিভিন্ন শ্রেণি পেশার নারী, পুরুষ ও শিশুরা শপথ বাক্য পাঠ করেন। এ সময় সকলের হাতে লাল সবুজের জাতীয় পতাকা উড়ছিলো। প্রধানমন্ত্রীর সাথে শপথ নিতে পেরে গর্বিত ও আনন্দিত কাঠালিয়ার সবস্তরের জনতা।

উপজেলা পরিষদের মাঠ মানুষের ঢলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে এক মিলন মেলায় পরিনত হয়। সকলের মুখে ছিলো উৎসাহ, উদ্ধিপনা, হাসি ও উল্লাস।

শপথ অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সোনার বাংলা গড়ার শপথ গ্রহণ করেন।











