ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহি বাস ও শ্রমিক বাহি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের সুপার ভাইজারসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ২৫ যাত্রী ও শ্রমিক আহত হয়েছে। শনিবার দিবাগত রাত ৮ টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের উপজেলার উত্তর বাগড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে বাসের সুপারভাইজার দুলাল খানের মরদেহ এবং আহত ১৭ জনকে উদ্ধার করেছে। আহতদের মধ্যে ৭ জন রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং আশঙ্কাজনক ৪ জনকে বরিশাল শেবাচিমে প্রেরন করেছে। শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে আহত বাসযাত্রী নূর বানু মারা যান।
নিহত বাসের সুপারভাইজার দুলাল নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার মজিদ খানের ছেলে এবং নূর বানু গলাচিপা উপজেলার নুরুল ইসলামের স্ত্রী। আহত অন্যরা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, বরিশাল থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী যাত্রীবাহি বাস ও খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামী পল্লী বিদ্যুতের ১৩ জন শ্রমিকবাহি পিকআপ ঘটনাস্থলে এলে বাসটি রং সাইডে এসে ট্রাকটিকে সামনা সামনি ধাক্কা দেয়া। ময়নাতদন্ত শেষে দুই জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।










