ঝালকাঠি প্রতিনিধিঃ
যাত্রী নিরাপত্তা ও জাতীয় নৌ নিরাপত্তা দিবসসহ ১৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নোঙর বাংলাদেশ নামে নদী যাত্রী নিরাপত্তা সামাজিক সংগঠন।
বুধবার দুপুর সাড়ে ১২ টায় ঝালকাঠি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডের ঘটনা তদন্তে নোঙর বাংলাদেশ’র গঠিত তদন্ত কমিটির আহবায়ক সুমন সামস সম্মেলনে দাবি করে জানান, অভিযান-১০ লঞ্চের মালিক ও কর্মকর্তা কর্মচারির চরম অব্যবস্থাপনা ও অতিরিক্ত মূনাফার লোভে এতো লোকের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর দায়ভার নৌ কর্তৃপক্ষ কোনভাবে এড়াতে পারেন না।
এ ঘটনায় জড়িত সকলকে বিচারের আওতায় আনারও দাবি করা হয়। তদন্তের প্রাথমিক পর্যায়ে এমনটাই মনে হচ্ছে। চুড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে আরও ৭ দিনের মত সময় লাগবে। সংবাদ সম্মেলনে ২৩ মে কে জাতীয় নৌ নিরাপত্তা দিবস ঘোষণারও দাবিসহ ১৬ দফা দাবি উপস্থাপন করা হয়। এসময় তদন্ত কমিটির যুগ্ম সম্পাদক মিহির বিশ^াস ও ক্লিনরিকার বাংলাদেশের প্রধান নির্বাহী সোহাগ মহাজন উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি চিত্ত রঞ্জন দত্ত বক্তব্য রাখেন। এই টিমের সাথে চ্যানেল আইর কেন্দ্রীয় রিপোর্ট পরাগ আজীম ও এটিএন নিউজের প্রতিবেদক সামিক আহম্মেদ সাথে ছিলেন। উপস্থিত মিডিয়া কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সুমন সামস।










