ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে ২৮০ রানের বড়ো ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ৫১৫ রানের টার্গেটে আজ (রবিবার, ২২ সেপ্টেম্বর) চতুর্থ দিনে লাঞ্চের আগেই ২৩৪ রানে শেষ হয় টাইগারদের দ্বিতীয় ইনিংস। দুই ম্যাচের সিরিজে ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
সিরিজের প্রথম টেস্টে ৫১৫ রানের প্রায় অসম্ভব লক্ষ্যের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। তৃতীয় দিনে সফরকারী দল দারুণ সূচনা করলেও শেষ পর্যন্ত সেই ছন্দ ধরে রাখতে পারেনি। ইনিংস লম্বা করতে পারেননি জাকির, সাদমান, মুমিনুল ও মুশফিক। টপ অর্ডারের ব্যর্থতায় বাংলাদেশ এখন কতদূর যেতে পারে সেটাই দেখার ব্যাপার। চেন্নাইয়ে আলোর স্বল্পতায় তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত হয় আগেভাগে। বাংলাদেশ ৩৭ ওভার দুই বলে চার উইকেট হারিয়ে করে ১৫৮ রান।
চতুর্থ দিন সকালে দুই অপরাজিত ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান পুনরায় ব্যাটিং শুরু করেন। আগের দিন হাফ সেঞ্চুরির মাইলফলক পার হওয়া শান্ত’র সঙ্গে সাকিবও বুঝেশুনে ব্যাট করতে থাকেন। কিন্তু দলীয় ১৯৪ রানে সাকিব ২৫ করে আশ্বিনের শিকার হন। শান্ত ফেরেন ৮২ করে। তাকেও আউট করেন আশ্বিন। প্রথম ইনিংসে ১৪৯ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২৩৪-এ। প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকা আশ্বিন ৮৮ রানে ৬ উইকেট নেন। আরেক স্পিনার জাদেজার শিকার ৩ উইকেট।












