বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল নগরীর আদালতের সামনে ব্রেক ফেল হয়ে একটি প্রাইভেটকার উল্টে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে নগরীর ফজলুল হক এভিনিউ এলাকায় জেলা জজ কোর্টের সামনে দুর্ঘটনাটি ঘটে।
রোববার (২৯ মে) সকালে এ দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার শেখ মোহাম্মদ সেলিম।
তিনি বলেন, দুর্ঘটনার সময় প্রাইভেটকারটিতে চালক ছাড়া কেউ ছিলেন না। পরে গাড়ির মালিক ঝালকাঠি জেলা সমাজসেবা প্রবেশন কর্মকর্তা সাদিয়া আয়েশা ঘটনাস্থলে আসেন। দুর্ঘটনার কারণে কিছু সময় ওই লেনে যান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনার শিকার গাড়িটি আটক করা হয়েছে। কি কারণে এ দুর্ঘটনা ঘটছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, লঞ্চঘাটের দিক থেকে প্রাইভেটকারটি দ্রুতগতিতে কাকলীর মোড়ের দিকে যাচ্ছিল। এ সময় জজ কোর্টের সামনে স্পিড ব্রেকার পার হওয়ার সময় ব্রেক ফেল করে উল্টে যায় গাড়িটি।










