পঞ্চগড় প্রতিনিধিঃ বোদায় বজ্রপাতে আলেমা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী আবু সায়েদ গুরুতর আহত হন। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের পূর্ব সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজন ও এলাকাবাসী জানায়, বাড়ির পাশে বাদাম শুকাতে দিয়েছিলেন স্বামী আবু সায়েদ ও স্ত্রী আলেমা খাতুন। দুপুরে বৃষ্টির আশঙ্কায় তারা বাদাম ঢেকে দিতে পলিথিন নিয়ে যান। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে স্ত্রী আলেমা খাতুন ঘটনাস্থলেই মারা যান। স্বামী আবু সায়েদ অচেতন হয়ে পড়েন। পরে স্বজন ও গ্রামবাসী আবু সায়েদকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠান। বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।










