ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উচ্চ পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলার বেসামরিক প্রশাসন, রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব, সাংবাদিক এবং সুধী জনের সাথে মতবিনিময় সভা হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সপ্তম পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিক অফিসার মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা আরসিবিএস, এনডিসি, পিডিসি, পিএসসি। সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্্ গুল নিঝুম। সভায় বরিশালের কর্ণেল আবু হায়দার মোঃ রাসেলুজ্জামান, কর্ণেল তারেক মাহমুদ, সেনাবাহিনীর লেঃ কর্ণেল মোঃ বাহালুল আলম, লেঃ কর্ণেল এস এম সাজ্জাদ হোসেন, মেজর মোঃ বদরুর রশিদ, মেজর মোঃ জিয়াউল হক, মেজর শোভন শাহারিয়ার, ঝালকাঠির স্থানীয় প্রশাসনের পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া আফরোজসহ উচ্চ পর্যায়ের বেসামরিক কর্মকর্তা, সাংবাদিক, বৈষম্যবিরোধী ছাত্র সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের পক্ষ থেকে প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, সাংবাদিক দুলাল সাহা বর্তমান পরিস্থিতির উপর সংক্ষিপ্তভাবে চালচিত্র উপস্থাপন করেন। এছাড়াও বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের প্রতিনিধিরা চারদিকে নৈরাজ্য, হামলা ভাঙচুর, গুজব, চাদাবাজিসহ নানা বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা বলেছেন, সেনাবাহিনী একটি ক্রান্তিকাল সময়ে মাঠে নেমেছে। বাংলাদেশ সেনাবাহিনী কোন দলের বা পক্ষের জন্য নয় তারা জনগণের এবং সেনাবাহিনী কাছ থেকে কেউ কোন অন্যায় সুযোগ নিতে পারবে না। সমস্ত ঘটনাই আমাদের নজরে আছে এবং বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে যারা অরাজক পরিস্থিতির পায়তারা করেছে তাদের প্রত্যেককেই কৃতকর্মের জন্য আইনের আওতায় আসতে হবে।










