বরিশাল প্রতিনিধিঃ
বিএনপির ডাকা হরতাল সমর্থনে বরিশালে ট্রাকে আগুন দেয়ার চেষ্টা চালানোসহ বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে বরিশাল নগরের কাশিপুর তেঁতুলতলা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি। মহানগর বিএনপির আহŸায়ক কমিটির সদস্য আফরোজা খানম নাসরীনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কিছু দূর গিয়ে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং করে নেতাকর্মীরা। মিছিল থেকে হরতাল সমর্থনে এবং সরকার বিরোধী নানা শ্লোগান দেওয়া হয়।
অপরদিকে, নগরীর রুপাতলী এলাকার শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুতে মালবাহী একটি ট্রাকে আগুন দেওয়ার চেষ্টা চালায় বিএনপির নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
এদিকে, যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে নগরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও আনসার মোতায়েন রয়েছে। এছাড়া নগর ও মহাসড়ক জুড়ে আইনশৃঙ্খলা বাহিনী টহল কার্যক্রমও পরিচালিত করছে। হরতালের কারণে দূরপাল্লা রুটে সীমিত যানবাহন চলাচল করলেও জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি।
আর অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচলের পাশাপাশি সড়কে গণপরিবহন চলাচলও স্বাভাবিক রয়েছে। পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোয়ও স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।










