বরিশাল ব্যুরো ॥
করোনার কারণে দুই বছর পর দেশে পহেলা বৈশাখ উদ্যাপন করা হলেও রমজান মাস হওয়ায় উৎসবে মানুষের অংশগ্রহণ আগের বছরগুলোর তুলনায় অনেকটা কমছিলো।
বরিশাল সিটি কলেজ চত্বরে পহেলা বৈশাখের সকালে ‘এসো হে বৈশাখ এসো এসো’ গান গেয়ে আয়োজন শুরু করে চারুকলা বরিশাল সংগঠনটি। এরপর জাতীয় সংগীত পরিবেশন শেষে অতিথিদের হাতে রাখি বেঁধে দেন আয়োজকরা। পরে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার প্রমুখ।
সকাল সাড়ে নয়টায় বিএম স্কুল প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে উদীচী। জেলা প্রশাসনের আয়োজনে নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গনে বর্ষবরণ উৎসব পালণ করা হয়েছে। এরআগে সকাল সাড়ে আট টায় শিল্পকলা একাডেমি থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। একইদিন জেলার গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চারুকলার আয়োজনে অংশগ্রহণ করা সন্দীপ মুখার্জী বলেন, করোনার আগে নববর্ষের আয়োজনে প্রচুর মানুষ হতো। তবে এবার অনেকটা সাদামাটা। দুইবছর পর বর্ষবরণে প্রাণ ফিরলেও উচ্ছ্বাস নেই, ভিড় নেই। চারুকলা বরিশালের মঙ্গল শোভাযাত্রা উদ্যাপন পরিষদের সমন্বয়ক তমাল রায় বলেন, এবার পবিত্র রমজান থাকায় আমাদের আয়োজনে স্বল্পতা ছিলো। তবে যতোটা সম্ভব আমরা করেছি। মানুষের উপস্থিতি আশা অনুযায়ী হয়নি।
উনত্রিশতম এ শোভাযাত্রার প্রধান আকর্ষন ছিলো শান্তির প্রতীক হিসেবে পায়রা এবং লোক শিল্পের প্রতীক হিসেবে শোভাযাত্রার ঘোড়া, পালকি, টাট্টুঘোড়া, হাতপাখা, মুখোশ ছিলো অংশগ্রহনকারীদের হাতে হাতে।










