নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা চালু এবং শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে পৃথক বিক্ষোভ ও মানববন্ধন করেছে সরকারি বিএম কলেজের সাধারণ শিক্ষার্থী ও ইসলামী ছাত্র আন্দোলন বিএম কলেজ শাখা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রথমে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে তারা কলেজের প্রশাসনিক ভবনের সামনে সড়কে মানববন্ধন করে। এছাড়া ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একই দাবিতে কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থী আব্দুর রহিম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে পরীক্ষা চলছে।অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। করোনার কারণে ২-৩টি বিষয়ের পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে।এছাড়া বাণিজ্য মেলাসহ নানা কর্মকাণ্ড চালু রেখে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে।এই অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।পরে তারা কলেজ অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি দেন।
কলেজ অধ্যক্ষ গোলাম কিবরিয়া বলেন, আমরা বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে সঙ্গে কথা বলছি।










