জনতার খবর ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য করার অভিযোগে বিএনপি’র যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল-এর বিরুদ্ধে শাহবাগ থানায় দু’টি অভিযোগ দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।
৮ ডিসেম্বর বুধবার দুপুরে বাংলাভিশন ডিজিটালকে এই তথ্য জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুদ হাওলাদার। তিনি জানান, গতকাল রাতে দু’টি লিখিত অভিযোগ দেন ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের ছাত্র নূরউদ্দীন আহমেদ। অভিযোগপত্র দু’টি হলেও বিষয় এক হওয়ায় আজ একটি সাধারণ ডায়েরি হিসেবে অন্তর্ভুক্ত করে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
অভিযোগপত্রে নুরউদ্দিন ও সাহাদাত উল্লেখ করেন, আমি (উভয়) গত ৬ ডিসেম্বর ঢাবি’র শহীদ সার্জেন্ট জহুরুল হক হল-এ বসে অনলাইনে একটি ভিডিও দেখতে পাই। ভিডিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি’র যুগ্ম- মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিতে দেখি। ওই বক্তব্য সরকার ও দেশের জনগণের জন্য মানহানিকর। বিষয়টি সহপাঠীদের সংগে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে।
সূত্রঃ বাংলা ভিশন টিভি।












