জনতার খবর ডেস্কঃ পেট্রোলিয়াম পণ্য ডিজেল ও কেরোসিনের দাম বাড়ালো জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আজ থেকে দেশের বাজারে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের মূল্য ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকায় করা হয়েছে। বিপিসি সূত্রে জানা গেছে, দেশের বাজারে কেরোসিন ও ডিজেলের দাম লিটার প্রতি ৬৫ টাকা বিক্রি হচ্ছে। এই দাম ২০১৬ সালের ২৪ এপ্রিল থেকে কার্যকর ছিল। নতুন মূল্য ঘোষণায় লিটার প্রতি আরো ১৫ টাকা বাড়তি দিয়ে কিনতে হবে ভোক্তাকে। গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে দেশের বাজারে পণ্য দুটি ৬৫ টাকা লিটারে বিক্রি হয়ে আসছে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি অব্যহত থাকায় প্রতিবেশী দেশ ভারতসহ বিভিন্ন দেশ জ্বালানি তেলের মূল্য নিয়মিত সমন্বয় করছে। ভারতে ডিজেলের বাজার দর উল্লেখ করে জ্বালানি বিভাগ বলছে, চলতি বছরের ১ নভেম্বর ভারতে ডিজেলের প্রতি লিটারের দাম ছিল ১২৪ টাকা ৪১ পয়সা (১০১ দশমিক ৫৬ রুপি),
বিপরীতে বাংলাদেশে ডিজেলের মূল্য ছিল লিটার প্রতি ৬৫ টাকা। অর্থাত্ দেশের বাজারের চেয়ে ভারতের বাজারে লিটার ডিজেলের মূল্যে পার্থক্য ৫৯ টাকা ৪১ টাকা কম। বৈশ্বিক বাজার থেকে আমদানিকৃত তেলে ক্রয়মূল্য বিবেচনায় মোটা অঙ্কের লোকসান গুনছে বলে উল্লেখ করে জ্বালানি বিভাগ। সংস্থাটির পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী, বিপিসি ডিজেলে লিটার প্রতি ১৩
টাকা ১ পয়সা এবং ফার্ণেস অয়েলে লিটার প্রতি ৬ টাকা ২১ পয়সা কম দামে বিক্রি করায় প্রতিদিন প্রায় ২০ কোটি টাকা লোকসান গুনছে।
গতমাসে বিভিন্ন গ্রেডের পেট্টোলিয়াম পণ্য আগের দাম অনুযায়ী সরবরাহ করায় ৭২৬ কোটি ৭১ লাখ টাকা লোকসান হয়েছে।জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২০০৮ সালের ২২ ডিসেম্বর জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী ডিজেল ও কেরোসিনের মূল্য ব্যতীয় অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত থাকবে।












