জনতার খবর ডেস্কঃ পদ্মা সেতু হয়ে সড়ক পথে সপরিবারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতু উদ্বোধনের পর এটাই প্রথম তাঁর গোপালগঞ্জ সফর। সেখানে পৌঁছানোর সময় তাঁর সঙ্গে ছিলেন কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ও পুত্র সজীব ওয়াজেদ জয়।
৪ জুলাই রবিবার সকাল আটটার কিছুক্ষণ পর গণভবন থেকে সড়কপথে রওনা হয় প্রধানমন্ত্রীর গাড়িবহর। সাথে ছিলেন প্রধানমন্ত্রীর পুত্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলও।
যাত্রার মাঝপথে পদ্মা সেতুতে দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি জাজিরা সার্ভিস এরিয়া-২ তে বিরতিও নেন। এরপর তাঁর বহরটি টুঙ্গিপাড়া পৌঁছায় সকাল সাড়ে এগারোটায়।
সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতেও অংশ নেন।
পরে টুঙ্গিপাড়ায় বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেয়ার কথা রয়েছে তাঁর। দুপুর দুইটায় সড়ক পথেই ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।












