অনলাইন ডেস্কঃ পদ্মার নদীর প্রচণ্ড ঢেউয়ে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ১১ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে গেছে। শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, শনিবার সকালে শিমুলিয়া থেকে একটি স্পিডবোট শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা হয়। বোটটি পদ্মা সেতুর কাছে এলে ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। খবর পেয়ে স্থানীয় জেলেনৌকা ও নৌপুলিশের টিম গিয়ে যাত্রীদের উদ্ধার করে।
সূত্র আরও জানায়, শিমুলিয়া থেকে ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে রওনা হয় বাবু নামের ওই স্পিডবোট। এর চালক ছিলেন মো. উজ্জ্বল। সেতু অতিক্রমের সময় প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় বোট উল্টে যায়। কাঁঠালবাড়ী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জাহানুর আলী বলেন, বোটটি তলা ফেটে ডুবে যায়। তবে সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। কোনো হতাহত ও নিখোঁজ নেই।
সূত্রঃ বাংলা ভিশন।












