বরিশাল প্রতিনিধিঃ হত্যার হুমকির মুখে গত চারদিন ধরে নিজ বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন দিনমজুর আবুল কালাম ঘরামী (৫০)। এ ঘটনায় শুক্রবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি জেলার বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের ব্রাহ্মনদিয়া গ্রামের।
ওই গ্রামের মৃত আব্দুর রশিদ ঘরামীর পুত্র দিনমজুর আবুল কালাম ঘরামী অভিযোগ করেন, তার সহয় সম্পত্তি জবর দখল করে নেওয়ার জন্য দীর্ঘদিন থেকে নানা ষড়যন্ত্র করে আসছে একই বাড়ির মৃত মুনসুর ঘরামীর পুত্র প্রভাবশালী মিজানুর রহমান ও নিজাম ঘরামী। তিনি আরও অভিযোগ করেন, গত কয়েকদিন পূর্বে প্রভাবশালীরা তাকে বিভিন্ন ধরনের ভয়ভিতীসহ প্রাণনাশের হুমকি প্রদর্শন করেন। তাদের অব্যাহত হুমকির মুখে গত চারদিন ধরে প্রাণবাঁচাতে তিনি নিজ বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বাবুগঞ্জ থানার ওসি মোঃ মাহবুবুর রহমান বলেন, অভিযোগের তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।










