ঝালকাঠি প্রতিনিধিঃ
ভ’ইফোর অনলাইন নিউজ পোর্টাল ‘ দৈনিক দেশেরকথার সম্পাদক-প্রকাশক মোঃ আরিফ খান ও ঝালকাঠি জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান সোহাগসহ তিন জনের নামে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ঝালকাঠির নৈয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহম্মদ মামুনুর রশীদ বাদি হয়ে গত বুধবার এ মামলা দায়ের করেন।
ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক অভিযোগ গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কে তদন্ত করে আগামী ৯ জানুয়ারি ২০২২ এর মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫,২৬,২৯,ও ৩৫ ধারায় মামলাটি বাদি পক্ষে পরিচালনা করেন এডভোকেট কাজী আবুল কালাম আজাদ। তিনি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর অনলাইন নিউজ পোর্টাল দেশেরকথা (www.daynikdesherkotha.com) ঝালকাঠিতে নিজ বাসায় অবৈধ কর্মে লিপ্ত শিক্ষককে থানায় সোপর্দ করলো এলাকাবাসী শীর্ষক একটি সংবাদ প্রকাশ করে। ঝালকাঠি প্রতিনিধি প্রেরিত নিউজটি দেশেরকথা অনলাইনে প্রকাশের পাশাপাশি দেশেরকথা ফেইজবুক পেইজেও আপলোড করা হয়।
মামলার বাদি মামুন অর রশীদের অভিযোগ সংবাদে প্রকাশিত কোন ঘটনাই ঘটে নাই। অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক মোঃ আরিফ খান শাহজালাল ইসলামী ব্যাংক ঢাকার কোন একটি শাখার এম.এল.এস.এস। তার বাড়ি ঝালকাঠির বিকনা এলাকায়। আর ঝালকাঠি প্রতিনিধি দাবিদার মোস্তাফিজ সোহাগও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সে জেলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং জেলা এ্যাকাউন্টন্স অফিসে প্রভাব বিস্তারের জন্য সাংবাদিক পরিচয় দিয়ে থাকেন।










