অনলাইন ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, আগামী ২৭শে জুলাই ঢাকায় অনুষ্ঠেয় ডি-৮’র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ২০তম সম্মেলনে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, পর্যটন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনাকে অগ্রাধিকারে রাখা হয়েছে। সম্মেলন প্রস্তুতির সর্বশেষ আপডেট জানাতে রোববার সেগুনবাগিচায় আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, জ্বালানি ও খাদ্য নিরাপত্তা একটি বৈশ্বিক সমস্যা; এসব সমস্যার সমাধান নিয়ে সম্মেলনে বিস্তৃত আলোচনা হবে।
সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমীর আবদুল্লাহিয়ান, পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানী খার, নাইজেরিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুবাইরু দাদা, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী সিদাত অনাল ছাড়াও মালয়েশিয়ার ডেপুটি সেক্রেটারি জেনারেল, মিশরের এসিস্ট্যান্ট মিনিস্টার এবং ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত অংশ নিচ্ছেন বলে নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী। জ্বালানি নিরাপত্তা প্রসঙ্গে মোমেন বলেন, এটি বিশ্বব্যাপী একটি আলোচিত বিষয়।
আমাদের অবশ্যই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটা নিয়ে সম্মেলনে সুনির্দিষ্টভাবে আলোচনা হবে। মোমেন বলেন, আন্তঃবাণিজ্য বৃদ্ধি পেলেও ডি-৮ দেশগুলো এ বিষয়ে আরও কিছু করতে পারে। কীভাবে বাণিজ্যকে আরও প্রসারিত করা যায় তাতেই ফোকাস রাখছে ডি-৮ সম্মেলন। সম্মেলনে ডি-৮ প্রেফারেনশিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ)-এর যথাযথ বাস্তবায়নের মাধ্যমে আন্তঃবাণিজ্য বাড়ানোর সম্ভাবনা রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ২০০৬ সালের ১৩ই মে ইন্দোনেশিয়ার বালিতে স্বাক্ষরিত ডি-৮ প্রেফারেনশিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) বাণিজ্যে ডি-৮ সহযোগিতার সবচেয়ে বাস্তব উদাহরণ হিসেবে বিবেচিত হয়। চুক্তিটি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য সম্পর্ক গভীর করার পারস্পরিক আকাঙ্ক্ষার প্রকাশ এবং উচ্চস্তরে অর্থনৈতিক সংলাপের সূচনা করে।
কয়েক দফা বহুপাক্ষিক আলোচনার পর ২০১১ সালের ২৫শে আগস্ট থেকে পিটিএ কার্যকর হয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, অত্যাসন্ন ডি-৮ সম্মেলনে আাজারবাইজানের সদস্য পদ নিয়ে সিদ্ধান্ত হবে। সম্মেলনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি উদ্বোধন করবেন জানিয়ে মোমেন বলেন, মূল আয়োজনের আগের দু’দিন অর্থাৎ ২৫ ও ২৬শে জুলাই ডি-৮ কমিশনের ৪৫তম অধিবেশন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশনের (ডি-৮) বা ডেভেলপিং-৮ হলো উন্নয়ন সহযোগিতার জন্য গঠিত একটি সংস্থা। বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক ওই জোটের সদস্য। সূত্রঃ মানবজমিন।












