ঝালকাঠি প্রতিনিধিঃ
“মা আমার সাধ না মিটিল, আশা পুরিল” এই ভাবেই বর্ষিয়ান এমাদ আলী (৬৫) গোপালগঞ্জের জেলা শহরে হারমোনিয়াম বাজিয়ে গান পরিবেশন করছিলেন। তিনি এই ভাবেই পথে ঘাটে গান গেয়ে মানুষের মনোরঞ্জন করে, তাদের দেয়া দশ-পাঁচ টাকার আর্থিক আনুকুল্য নিয়ে জীবনের ব্যায়ভার বহন করে চলেছেন। দীর্ঘ ৪৮ বছর ধরেই তিনি এই এলাকার পথে প্রান্তরে ঘুরে সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে ফেরেন। কদাচিৎ কোন দিন শূন্য হাতে বাড়ি ফেরেন তবে ২০০ থেকে সর্বোচ্চ ৬০০ টাকা সংগ্রহ করতে পারেন বলে জানান এমাদ আলী।
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার চরকুশলী গ্রামের এমাদ আলী আরো জানান, আড়াই বছর বয়সে একদিন শীতের রাতে লেপে আগুন লেগে তার ডান হাত সহ শরীরের কিছু অংশ পুড়ে যায়। এই ঘটনায় এক পর্যায় পুড়ে যাওয়া ডান হাতের পাঞ্জা সহ কব্জি পর্যন্ত সেপটিক হলে এক পর্যায়ে চিকিৎসায় তার হাতের কব্জি পর্যন্ত কেটে ফেলতে হয়। গানের প্রতি ঝোক থাকায় ঘুরে-ঘুরে সে গান শিখেছিল এবং এখন তার এই গানই বেঁচে থাকার অবলম্বন হয়ে দাড়িয়েছে। বর্তমানে সে চোখেও ভালো দেখতে পায় না। কাটা ডান হাত দিয়ে হারমোনিয়ামের ব্লোয়ার এবং বা হাত দিয়ে হারমোনিয়ামের রিড চেপে গান পরিবেশন করেন। এই বয়সেও তার কন্ঠ ভালো রয়েছে। বর্তমানে তার সংসার জীবনে স্ত্রী ও তিন কন্যা ও দুই পুত্র সন্তান রয়েছে। মেয়েদের বিবাহ দিয়েছেন এবং বড় ছেলে বিবাহ করে তার সংসার থেকে আলাদা হয়ে পৃথক জীবনযাপন করেন। তবে সে তাকে কোনো আর্থিক সহায়তা করে না। অভাবের কারনে ছেলেমেয়েদের লেখাপড়া করাতে পারেনি। বর্তমানে ১৭ বছর বয়সি ছোট শিশু পুত্র টুকটাক কাজ করে এমাদ আলীর পরিবারের সাথে থেকে মাঝে-মাঝে যৎসামান্য আর্থিক সহায়তা করে।
তার বাড়ি টুঙ্গিপাড়া হওয়ায় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে কোনো সহায়তা চেয়েছেন কিনা জানতে চাওয়া হলে এমাদ আলী জানান, “টুঙ্গিপাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাড়িতে আসার খবর পেয়ে সাক্ষাৎ করতে গিয়ে তার সাথে দেখা করতে পারেননি। প্রধানমন্ত্রীর সাথে সেখানে নামি-দামি অনেক নেতা-কর্মি ও নিজ দলের লোকজনের ভিড়ে ও নিরাপত্তাকর্মীদের বলয় ভেঙ্গে প্রধানমন্ত্রীর কাছে যেতে পারেননি এবং তার ধারণা প্রধানমন্ত্রী নামি-দামি নেতাদের দাবি সামাল দিতেই ক্লান্ত। এখন এমাদ আলী খানের কথা শুনবে প্রধানমন্ত্রীর সময় কোথায়?” সম্প্রতি গোপালগঞ্জে জরুরী কাজে যাওয়া হলে সেখানে এমাদ আলীর সাথে দেখা মেলে।










