ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির সদর উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে হাঁস প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ইসরাত জাহান সোনালীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ৮(৮) ধারার সুস্পষ্ট লঙ্ঘনের অভিযোগে ৫মে রবিবার উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুস ছালেক এ শোকজ নোটিশ প্রদান করেছেন। নোটিশে ইসরাত জাহান সোনালীর বিরুদ্ধে কেনো বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে না আগামী (৬মে সোমবার) ২৪ ঘন্টার মধ্যে তার কারন দর্শাতে বলা হয়েছে।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে আপনি উপজেলার কীত্তিপাশা বাজারের বিভিন্ন বৈদ্যুতিক খুটি, দোকান ও ধর্মীয় উপাসনালয়ের দেয়ালসহ একাধিক স্থানে আপনার নাম-প্রতীক সম্বলিত পোষ্টার আঠা দিয়ে লাগিয়েছেন।
শোকজ নোটিশ স্বাক্ষরকারী সরেজমিন পরিদর্শন কালে বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে ও এর প্রমান হিসাবে ছবি ও ভিডিও সংরক্ষিত রয়েছে। আপনার এহেন কর্মকান্ড উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ৮ (৮) এর সুষ্পষ্ট লংঘন। এমতাবস্থায় নির্বাচন আচরণ বিধি ভঙ্গ করে প্রচার-প্রচারণা করায় কেন আপনার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাখিল করার জন্য অনুরোধ করা হলো ।
প্রসঙ্গত, ঝালকাঠির সদর উপজেলা নির্বাচনে কার্যক্রমের শুরুতেই গত ২৭ এপ্রিল মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ইসরাত জাহান সোনালী, তার সহচর মাহাবুব ও ভগ্নিপতি জামাল হোসেনসহ কিছু সমর্থকদের বিরুদ্ধে প্রতিদ্বন্দি মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উম্মে সালমার উপর হামলা ও শারিরীক লাঞ্চিত করার ঘটনায় রিটার্নিং অফিসার ও সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল।










