ঝালকাঠি প্রতিনিধিঃ
রংপুর দিনাজপুরসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাচ্ছে ঝালকাঠির সুপারি। এখানকার রাজাপুর উপজেলার বিভিন্ন গ্রামে পৃথকভাবে সপ্তাহে দু’দিন করে বসে সুপারির হাট। এরমধ্যে রাজাপুর সদর ইউনিয়নের বাঘরী বাজার এবং সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া বাজারে বসে সুপারির সবচেয়ে বড় হাট। এর বাইরেও চারাখালী, গালুয়া, বলারজোর বাজারে সুপারির পাইকারী বাজার বসে। এছাড়া কাঠালিয়া উপজেলার বিনাপানি এবং আমুয়া হাটে সুপারির বেশ আমদানী হয়।
দক্ষিণের জেলা ঝালকাঠি, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট ও ফকিরহাট অঞ্চলে শীতকালে প্রচুর সুপারির ফলন হয়। এই অঞ্চলের সুপারি দিয়ে সারাবছর দেশের চাহিদা মেটে। সামান্য মূলধন নিয়ে সুপারির ব্যবসা করে এখানকার অসংখ্য অসহায় কর্মহীনের ভাগ্য বদল হয়েছে।
লেবুবুনিয়া হাটের সুপারী ব্যাবসায়ী মো. নজরুল ইসলাম বলেন, ‘শীতকালে মোগো বেচাবিক্রি ভালো হয়। এফিরগো ফলন ভালো, দামও ভালো। আইজগো তিনশো টাহা হইররা কুড়ি চলে’।
এই হাটের আরেক ব্যাবসায়ী সালাম খান বলেন, ‘রংপুর ও দিনাজপুরে আমাগো সুপারি যায়। কিন্তু এবছর পাশের জেলা পিরোজপুরে ফলন বেশি হওয়ায় অনেক পাইকার ঐ দিকের হাটে গেছে। আইজগো মুই মাঝারী সাইজের কাঁচা সুপারি ৩৩০ টাহা হইররা কুড়ি বেচছি’।
এ অঞ্চলের হাটগুলো ঘুরে জানাগেছে সুপারি গননার হিসেবটা একটু ভিন্ন। হাটে গিয়ে প্রথমে সুপারির দাম জানতে চাইলে বিক্রেতারা বলেন, ৩শ টাকা কুড়ি। এতে অবাক হওয়ারই কথা। কিন্তু সুপারি ক্রেতা আনিস হাওলাদার বলেন, ‘সুপারি গননার হিসেবটা অন্য রকম। এখানে ২১০টা সুপারিকে এক কুড়ি বলা হয়’।
ঝালকাঠি ষ্টেশন সড়কের সুপারি ব্যাবসায়ী সাখাওয়াত হোসেন বলেন, ‘দাম একটু কম পেয়েছি বিধায় পাশের জেলা পিরোজপুরের কাউখালী থেকে আমি আজকে ১০ হাজার পিচ সুপারি ক্রয় করে এনেছি। মাঝারী এবং বড় দুই সাইজের পিচ প্রতি ১টাকা ৪০ পয়সা হারে ১০ হাজার পিচের দাম পরেছে ১৪ হাজার টাকা। এটি এখন সংরক্ষণ করে রাখবো, দাম যখন বাড়বে তখন বিক্রি করবো’।
রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রাামের রমজান আলী জানান, কোনো প্রকার ব্যয় ছাড়াই সুপারিতে অধিক আয়ের সুযোগ রয়েছে। তিনি তার বসতভিটার ৭০টি সুপারি গাছ থেকে প্রতি বছর সুপারি বিক্রি করে ৩০ থেকে ৩২ হাজার টাকা আয় করছেন।
সুপারি ব্যাবসায়ী নুর উদ্দিন জানান, তিনি অল্প পুঁজি নিয়ে কাঁচা-পাকা সুপারি কেনাবেচা করেন। হাট থেকে পাইকারী দরে সুপারি কিনে কাঁচা সুপারি খিলি পানের দোকানে বিক্রি করেন। আর পাকা সুপারিগুলো মাটিতে পুঁতে রেখে সেগুলো মজিয়ে ৫ মাস পর তুলে অধিক মূল্যে বিক্রি করে থাকেন।
লেবুবুনিয়া এলাকার সুপারি বিক্রেতা আমজেদ শিকদার জানান, তিনি দীর্ঘদিন ধরে সুপারির ব্যবসা করছেন। ফলন মৌসুমের আগে সুপারির বাগান কিনে রাখেন, পরবর্তীতে গাছে সুপারী ধরার পর তা বিভিন্ন স্থানের পাইকারদের কাছে বিক্রি করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝালকাঠি খামার বাড়ির উপ পরিচালক মো. ফজলুল হক বলেন, ঝালকাঠির রাজাপুর এবং কাঠালিয়া উপজেলায় সুপারির ফলন বেশি হয়। এই ফলটি উৎপাদনে গাছ মালিকদের পরিশ্রম করতে হয়না। ফলনের পর বিক্রি করতেও ঝামেলা কম, তাই রাজাপুর ও কাঠালিয়া অঞ্চলে সুপারি ব্যাবসায় জড়িত অধিকাংশ গৃহস্থরা।










