ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে মেহেদী হাসান মনিব শুভ নামে এক যুবককে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সেই সাথে মামলার ৫ আসামিকে খালাস প্রদান করা হয়েছে। পাশাপাশি দন্ড প্রাপ্ত প্রত্যেককে আরও ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তিন মাস করে কারাদন্ডর সাজা দেয়া হয়। বুধবার (১৮ মে) আসামিদের উপস্থিতিতে বরিশাল বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মাহামুদুর রহমান এই রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত আসামিরা হলো, রাজাপুরের বড়ইয়া এলাকার বাসিন্দা জসীম খান, হেলাল ফকির, ফয়সাল ফকির ও বেলাল ফকির। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (স্পেশাল) মামুন চৌধুরী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৬ মার্চ রাতে বন্ধুর সাথে পিকনিকের কথা বলে রাজাপুরের বড়ইয়ার এলাকার নিজ বাসা থেকে বের হয় যুবক মেহেদী হাসান মনিব শুভ। এরপর গভীর রাতে শুভর বাড়ির পেছন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে। রাজাপুর হাসপাতালে ভর্তির পর শুভ তার বাবা আব্দুল্লাহ আল মাহাবুবকে জানায় প‚র্ব শত্রুতার জের ধরের ধারালো অস্ত্র দিয়ে আসামীরা তাকে কুপিয়ে জখম করেছে। রাজাপুর থেকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথেই মৃত্যু হয় শুভর। এই ঘটনায় শুভর বাবা মাহাবুব বাদী দ্রুত বিচার আইন রাজাপুর থানায় ২৮ তারিখ ১৫ জনের নাম উল্লেখ ও ৫/৬ জনকে অজ্ঞাত করে একটি হত্যা মামলা দায়ের করেন।
২০২০ সালের ২০ জুলাই রাজাপুর থানার ইন্সপেক্টর মো. মাঈনুদ্দিন ও আবুল কালাম আজাদ ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জ শীট প্রদান করে। আদালত ২৫ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে চারজনের যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করেন। পাশাপাশি ৫ আসামিকে মামলা থেকে খালাস প্রদান করেন।










