ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ঈদ উপলক্ষে হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য ভিজিএফএর ৬৫০ কেজি চাল বিক্রির সময় জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব চাল বিক্রির অভিযোগের বিষয়টি একে অপরকে দুষছেন।
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নে ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি করে সরকারি বরাদ্দের ভিজিএফএর চাল বিতরণ করা হয়। ঈদ উপলক্ষে মোট ২৩৬৬ জন দরিদ্র মানুষকে বিতরণের জন্য ২৩ টন ৬৪০ কেজি চাল বরাদ্দ দেয়া হয়। শনিবার ১৯৫০ জনকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। সেই চাল থেকে কে বা কারা ৬৫০ কেজি চাল গোপনে বিক্রি করে দেয় স্থানীয় চৌকিদার আয়নাল হক ও ধান-চাল ব্যবসায়ী ইউসুফ হাওলাদারের কাছে। বিষয়টি টের পেয়ে স্থানীয় তরুনরা শনিবার রাতে ওই চাল উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ চাল জব্দ করে থানায় নিয়ে যায়।
ইউনিয়ন পরিষদের একটি চক্র এ চাল বিক্রি করেছে বলে চৌকিদার আয়নাল হক জানান। তবে ধান-চাল ব্যবসায়ী ইউসুফ হাওলাদার বলেছেন চাল বিক্রির জন্য মেম্বর জামাল ও মনির আমাকে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে চালের দাম দর ঠিক করে ত্রিশ হাজার টাকা দেই। এলাকাবাসী এ ঘটনার দৃষ্টান্ত মূলক বিচার দাবী করেছেন।
ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক জানান, চাল বিক্রির বিষয়টি আমি জানি না। গুদামের চাবি ছিল সচিবের কাছে। অপরদিকে সচিব মিঠু সিকদার তপন জানান, গুদামের চাবি ছিলো চেয়ারম্যানের কাছে।
নলছিটি থানার ওসি (তদন্ত), মনোরঞ্জন মিস্ত্রী জানান, ৬৫০ কেজি চাল জব্দ করা হয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।










