ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। জেলার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ৫জন জয়িতাকে এই সম্মাননা দেয়া হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকাল ৯টায় ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: কামাল হোসেন প্রধান অতিথি ছিলেন।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) উম্মে আয়েশা সিদ্দিকির সভাপতিত্বে আলোচনা সভায় প্যানেল মেয়র তরুন কর্মকার, সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু ও জয়িতা সম্মাননা প্রাপ্ত নাজমা বেগম বক্তব্য রাখেন। জেলার শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে অবদানের জন্য বেগম নুরুন্নাহার, সফল জননী মোসা: শাহিনুর বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে জীবন গড়া কামনা কর্মকার, সমাজ উন্নয়ন ক্ষেত্রে অবদানের জন্য নাজমা বেগম ও অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী পিনু আক্তার নদীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী পেশায় কর্মরত প্রায় ৮০জন নারী উপস্থিত ছিলেন।










