ঝালকাঠি প্রতিনিধিঃ
বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস আলোচনার সভার মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ঝালকাঠি সুইট বাংলাদেশ বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে হাতে দেখলে সাদাছড়ি এগিয়ে এসে সহায়তা করি এই মনুষ্যবোধ জাগ্রতকারী প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা সভায় ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়, সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক সুখ লাল বৈদ্য ও জেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার খাইরুল ইসলাম। সভাপতিত্ব করেন সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় মোঃ মোস্তাফিজুর রহমান।
শহর সমাজ সেবা কর্মকর্তা মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র সুরুজ হাওলাদার ও ইয়াসমিন সিকদার বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে দৃষ্টি প্রতিবন্ধী সুরুজ হাওলাদার, মনি আক্তার, মোঃ শরিফের সমন্বয়ে ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৃষ্টি প্রতিবন্ধীরা তাদের বক্তব্যে দাবী করেছেন তাদের মত এই প্রতিবন্ধীদের চাকুরিসহ সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার দাবী।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেছেন, সরকার সকল ধরণের চাহিদা সম্পন্ন প্রতিবন্ধীদের বিভিন্নভাবে সহযোগিতা করে চলেছেন। দৃষ্টিহীন প্রতিবন্ধীদের আমাদের চোখ দিয়েই তাদেরকে দেখাতে হবে। প্রতিবন্ধীদের সকল ধরণের মানবিক ও নৈতিক দায়িত্ব পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন।










