ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত ফেন্সিডিল পাচার মামলায় আয়ুব হোসেনকে (৪৭) ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অনাদায়ে আরও ৬ মাসের দন্ডাদেশ প্রদান করেছেন। আয়ুব হোসেন সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের দীন আলী গাজীর পুত্র। এই আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম আসামীর উপস্থিতিতে রায় ঘোষনা করেন।
২০২২ সালের ২৬ ডিসেম্বর আয়ুব আলী পিরোজপুর থেকে বরিশালগামী সৌদিয়া পরিবহনে ২টি ব্যাগে করে পাচারের উদ্দেশ্যে ১২৯ বোতল ফেন্সিডিল নিয়ে যাচ্ছিল। র্যাব-৮ বরিশালের গোপন সংবাদের ভিত্তিতে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে ঝালকাঠি পৌর এলাকার কিফাইতনগর মেডিকেল এসিষ্ট্যান্ট ট্রেনিং সেন্টার (ম্যাটস) এর সামনে বিকেল সাড়ে ৩টায় বরিশাল র্যাব-৮ এর পুলিশ পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম নেতৃত্বে এই পরিবহন তল্লাশী করে ফেন্সিডিল উদ্ধার করে এসময় পাচারকারী আয়ুব হোসেন পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। একই দিন বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন।
ঝালকাঠি থানার এস আই চয়ন হালদার তদন্ত শেষে আদালতে এই মামলার অভিযোগপত্র দায়ের করেন। আদালত ৯জন সাক্ষীর স্বাক্ষর গ্রহণ করেছে। সরকারের পক্ষে পিপি এ্যাড. আব্দুল মান্নান রসুল ও আসামী পক্ষে এ্যাড. আইয়ুব আলী মামলা পরিচালনা করেন।










