ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে পাবজি মোবাইল গেমস খেলতে না দেয়ায় নুসরাত জাহান শান্তা (২১) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে।
পুলিশ শান্তার মরাদেহ উদ্ধার করে শনিবার ঝালকাঠি মর্গে প্রেরণ করেছেন। এবিষয়ে রাজাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
২০ মে শুক্রবার রাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের মিয়ারহাট সংলগ্ন এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। নুসরাত জাহান শান্তা উপজেলার সাতুরিয়া গ্রামের মো. নুরে-আলম হাওলাদারের মেয়ে ও শ্রীমন্তকাঠি এলাকার মালয়েশিয়া প্রবাসী মো. আমিন হাওলাদারের স্ত্রী।
পুলিশ ও নিহতের বাবা মো. নুরে-আলম হাওলাদার জানায়, তিন বছর আগে শান্তার সাথে আমিনের পারিবারিক ভাবে বিবাহ হয়। স্বামী প্রবাসে থাকায় শান্তা তার বাবার বাড়িতেই থাকতো এবং মোবাইলে পাবজি গেমস খেলে সময় কাটাতো। ঘটনার দিন শান্তার মা রিনা বেগমের সাথে মোবাইল গেমস খেলা ও চ্যাটিং গ্রুপে কথা বলা নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে শান্তা ক্ষিপ্ত হয়ে চালের পোকা মারা ঔষধ খেয়ে অসুস্থ্য হয়ে পরলে তাকে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শান্তার মৃত্যু হয়।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জনান, লাশ উদ্ধার করে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।










