ঝালকাঠি প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ঝালকাঠি জেলার চারটি উপজেলায় ১৬০টি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষায় ১ হাজার ৩৮ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঝালকাঠি জেলা কার্যালয় চত্বরে মোতায়েন করা সদস্যদের ব্রিফিং করেন জেলা কমান্ড্যান্ট মো. শফিকুল ইসলাম।
ব্রিফিংয়ে জেলা কমান্ড্যান্ট জানান, উপজেলাভিত্তিক পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। নির্ধারিত সময় থেকে শুরু করে প্রতিমা বিসর্জন পর্যন্ত তাঁরা নিজ নিজ দায়িত্ব পালন করবেন।
জেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদর উপজেলায় ৯২টি পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ জন পিসি, ৯২ জন এপিসি, ২৮০ জন পুরুষ আনসার ও ভিডিপি সদস্য এবং ১৪৪ জন নারী আনসারসহ মোট ৫৪০ জন দায়িত্ব পালন করবেন।
নলছিটি উপজেলায় ২২টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ জন পিসি, ২২ জন এপিসি, ৭৮ জন পুরুষ আনসার ও ভিডিপি সদস্য এবং ৮৮ জন নারী আনসারসহ মোট ২০০ জন সদস্য মোতায়েন থাকবেন।
রাজাপুর উপজেলায় ১৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৩ জন পিসি, ১৯ জন এপিসি, ৬০ জন পুরুষ আনসার ও ভিডিপি সদস্য এবং ৩৮ জন নারী আনসারসহ মোট ১২০ জন দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে, কাঠালিয়া উপজেলায় ৪৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৮৯ জন এপিসি, ১৮১ জন পুরুষ আনসার ও ভিডিপি সদস্য এবং ৪৯ জন নারী আনসারসহ মোট ৩১৯ জন সদস্য মোতায়েন থাকবেন।
আগামী ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর ২০২৬ পর্যন্ত ছয় দিন এসব সদস্য পূজামণ্ডপের আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করবেন। পূজামণ্ডপের ঝুঁকি ও গুরুত্ব বিবেচনায় অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ—এই তিন শ্রেণিতে বিভক্ত মণ্ডপগুলোতে প্রয়োজন অনুযায়ী পিসি, এপিসি এবং পুরুষ ও নারী আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।