কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়ার মধ্য দিয়ে ঝালকাঠির কাঠালিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে র্যালি বের করা হয়। পরে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জোবায়ের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন। এ সময় কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন নিজাম মীরবহরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ বিষয়ক মহড়া পরিচালনা করেন কাঠালিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিডার আব্দুল মান্নান ও তাঁর দল। মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় এবং আগুন নিয়ন্ত্রণে প্রাথমিক পদক্ষেপ সম্পর্কে বাস্তব ধারণা দেওয়া হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।